ঠিকাদারের কাছ থেকে উপহার নেওয়ার বক্তব্য প্রত্যাহার, দুঃখ প্রকাশ প্রতিমন্ত্রীর
ছবির ক্যাপশন
নিজস্ব প্রতিবেদক:
ঠিকাদারের কাছ থেকে উপহার গ্রহণ নিয়ে দেওয়া বিতর্কিত বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। একই সঙ্গে তাঁর বক্তব্যকে ঘুষের বৈধতা দেওয়ার সঙ্গে তুলনা করাকে রাজনৈতিক অপপ্রচার বলে দাবি করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।
বুধবার (১১ নভেম্বর) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. বোরহান উদ্দীনের সই করা এক ব্যাখ্যায় এসব তথ্য জানানো হয়।
ব্যাখ্যায় বলা হয়, ১১ নভেম্বর প্রকাশিত ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর সংবাদ বিজ্ঞপ্তিতে স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর বক্তব্যকে উপহারের মোড়কে ঘুষকে বৈধতা দেওয়ার পাঁয়তারা হিসেবে উল্লেখ করা হয়েছে, যা অসত্য ও বিভ্রান্তিকর।
মন্ত্রণালয় জানায়, প্রতিমন্ত্রী তাঁর আনুষ্ঠানিক বক্তব্যে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নবনিযুক্ত সহকারী প্রকৌশলীদের সরকারি উন্নয়নকাজের মান বজায় রেখে দ্রুত ও স্বচ্ছতার সঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছিলেন। ব্যক্তিগত সম্পর্কের ঊর্ধ্বে থেকে কাজের মান নিশ্চিত করে ঠিকাদারদের বিল পরিশোধের তাগিদও দেন তিনি।
এ ছাড়া সরকারি ব্যয় ও কেনাকাটার ক্ষেত্রে সরকারি ক্রয়বিধি (পিপিআর) এবং সরকারি ক্রয় আইন (পিপিএ) কঠোরভাবে অনুসরণের নির্দেশনা দিয়েছিলেন প্রতিমন্ত্রী।
ব্যাখ্যায় আরও বলা হয়, প্রতিমন্ত্রীর মূল বক্তব্য আড়াল করে নবনিযুক্ত সহকারী প্রকৌশলীদের সঙ্গে তাঁর অনানুষ্ঠানিক আলাপের কিছু অংশ বিভিন্ন গণমাধ্যমে প্রচার করা হয়েছে। এর মাধ্যমে তাঁর বক্তব্যকে বিতর্কিত করার অপচেষ্টা চালানো হয়েছে। বক্তব্যকে ঘুষ লেনদেনের বৈধতা দেওয়ার সঙ্গে তুলনা করা অনভিপ্রেত এবং সরকারের দুর্নীতিবিরোধী অবস্থানের বিরুদ্ধে রাজনৈতিক অপপ্রচার বলেও দাবি করা হয়।
মন্ত্রণালয়ের ব্যাখ্যায় বলা হয়, সরকার সবসময় স্বচ্ছতা, জবাবদিহি ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে বিশ্বাসী। দায়িত্বশীল পদে থেকে কোনো বৈধ প্রক্রিয়ার বাইরে অবৈধ সুবিধা গ্রহণের সুযোগ নেই।
এতে আরও জানানো হয়, বুধবার সকালে এলজিইডি ভবনে পৌরসভার প্রশাসক, প্রধান নির্বাহী ও প্রকৌশলীদের নিয়ে আয়োজিত এক কর্মশালায় আগের দিনের বক্তব্যের জন্য গণমাধ্যমের সামনে দুঃখ প্রকাশ করে ক্ষমা চান প্রতিমন্ত্রী। একই সঙ্গে তিনি তাঁর অনানুষ্ঠানিক বক্তব্যগুলো প্রত্যাহার করেন এবং এসব বক্তব্যের সঙ্গে সরকারের কোনো কর্মকর্তার সংশ্লিষ্টতা নেই বলে উল্লেখ করেন।
বিভ্রান্তি না ছড়িয়ে দুর্নীতি প্রতিরোধে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। পাশাপাশি সরকারি কাজে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে গণমাধ্যমকর্মীদের সহযোগিতাও কামনা করা হয়েছে।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন